
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টার ঘটনায় তীব্র উত্তেজনা ও সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় ও সীমান্ত সূত্র জানায়, গত কয়েকদিন ধরে বেনাপোল সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের জোরপূর্বক পুশইন করানোর চেষ্টা চালালে বিষয়টি বিজিবির নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিজিবি কমান্ডের পক্ষ থেকে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা (অ্যালার্ট) জারি করা হয়। যেকোনো মূল্যে এই অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে জওয়ানদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত। বেনাপোল ও এর আশেপাশের সীমান্ত এলাকায় দিন-রাত সমানতালে টহল চালানো হচ্ছে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ করতে না পারে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবির এমন কঠোর ও অনড় অবস্থান স্থানীয় সাধারণ মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তা বোধ তৈরি করেছে।