
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) খুঁটি স্থাপনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র বাধায় পণ্ড হয়ে গেছে। জানা গেছে, সীমান্তে শূন্য লাইনের (জিরো লাইন) নো-ম্যানস ল্যান্ড এলাকায় আকস্মিকভাবে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য খুঁটি পোঁতার কাজ শুরু করে।
বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসিলে তারা তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ তাদের কাজ বন্ধ করতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লে বিজিবির পক্ষ থেকে বাড়তি সতর্কতা জারি করা হয় এবং টহল জোরদার করা হয়।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্রুত পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে ওই অঞ্চলের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির কঠোর নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।