
বুড়িগঙ্গা নদী ভরাট, দখল ও দূষণ রোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়মিত উচ্ছেদ অভিযান ও নদী রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বলেই আমরা জেনে এসেছি। তবে এবার সরকারের রাজস্ব বিভাগের সরেজমিন তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র।
বুড়িগঙ্গা নদী দখল করে, দখলকৃত স্থানে মাটি ফেলে ভরাট করে সেখানে ভারী স্থাপনা নির্মাণ কাজের প্রস্তুতি নিচ্ছে খোদ বিআইডব্লিউটিএ!
কোতয়ালী রাজস্ব সার্কেল ঢাকা'র একটি চিঠিতে সেই দাবিই করা হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৫ ঢাকার জেলা প্রশাসক'কে পাঠানো এই চিঠিতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার আশরাফ তুলে ধরেন কিভাবে বিআইডব্লিউটিএ, কোতয়ালী রাজস্ব সার্কেলের আওতাধীন সূত্রাপুর মৌজার সিটি ২০০০১ ও ২০০০২ নং দাগের দক্ষিণ পার্শ্বের বুড়িগঙ্গা নদীর ১.২১ একর জমি দখল করে মাটি ভরাট করে চারদিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ভারী স্থাপনা নির্মাণ কাজের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন কালে নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা সরকারের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের উক্ত তফসিলভুক্ত জমিতে নদী ভরাট করে স্থাপনা নির্মাণের কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
নদী ভরাট করে, বিআইডব্লিউটিএ এই স্থানে নদী হতে মালামাল ওঠানামার জন্য স্থাপনাসহ ঘাট নির্মাণ করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রচলিত প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইণ, ২০০০ অনুযায়ী প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গায় শ্রেণি পরিবর্তন করা যাবেনা, বা এই জায়গা অন্য কোনভাবে ব্যবহার বা ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা কোনভাবে হস্তান্তরও করা যাবেনা।
পোস্তগোলা সেনাবাহিনী ব্যরাকের পশ্চিম বাউন্ডারি লাগোয়া এই অংশে পূর্ণোদ্যমে এই ভরাট কাজ এগিয়ে চলেছে, যা সংলগ্ন ব্রীজের উপর দাঁড়ালে স্পষ্ট দেখা যায়।