
ভারতের তামিলনাড়ু রাজ্যে এক অভাবনীয় রাজনৈতিক উত্থানের সাক্ষী হলো বিশ্ব। রুপালি পর্দার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় পরিচালিত নতুন দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) এখন রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচনে এককভাবে ১০৮টি আসন পাওয়ার পর, বামপন্থি দল সিপিআই ও সিপিআই (এম)-এর পাশাপাশি কংগ্রেস এবং আইইউএমএল (IUML) বিজয়কে নিঃশর্ত সমর্থন জানিয়েছে। এর ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের বেশি নিশ্চিত করেছে টিভিকে জোট।
টিভিকে-এর নেতৃত্বে এই নতুন জোট বর্তমানে ১২১টি আসন নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। টিভিকে নেতা আধভ অর্জুনা নিশ্চিত করেছেন যে, মিত্র দলগুলো ইতিমধ্যে সমর্থনের চিঠি হস্তান্তর করেছে, যার অর্থ থালাপতি বিজয়ই হতে যাচ্ছেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। এই জয়ে রাজ্যজুড়ে বিজয়ের ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। অনেকে প্রিয় তারকার ছবি বুকে ট্যাটু করে এবং আনন্দ মিছিলের মাধ্যমে এই বিজয় উদযাপন করছেন।
তবে বাস্তবের এই জননেতা হওয়ার পথটি বিজয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তিনি এর আগে কোনো প্রশাসনিক বা সরকারি পদে ছিলেন না এবং তামিলনাড়ু বর্তমানে প্রায় ১০.৬ লক্ষ কোটি রুপির বিপুল ঋণের বোঝা বইছে। বিজয়ের দল তাদের ইশতেহারে রাজ্যের অর্থনৈতিক স্বনির্ভরতা আনার প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখার বিষয়, সিনেমার পর্দার এই নায়ক কীভাবে বাস্তবের কঠিন প্রশাসনিক ও গাণিতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে রাজ্য পরিচালনা করেন।
এদিকে, নতুন সরকার গঠনের পথ সুগম করতে তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী ও ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন রাজ্য গভর্নরকে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জনগণের বিপুল প্রত্যাশা আর ঋণের পাহাড় নিয়ে থালাপতি বিজয়ের এই যাত্রা এখন পুরো ভারতের রাজনীতির অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু।