
লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী কারিনা কায়সার। ভারতের চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর বাবা, সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ এবং ঘনিষ্ঠ বান্ধবী ও কনটেন্ট ক্রিয়েটর ডানা ভাই। এর আগে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় গত ১১ মে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়েছিল। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এ অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে শোবিজ অঙ্গন ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।