
মে মাসের শুরু থেকেই সামাজিক মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ড. মুহাম্মদ ইউনূসকে কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের পাশে দাঁড়িয়ে থাকতে। তবে যাচাই করে দেখা গেছে, ছবিটি বাস্তব কোনো ঘটনার প্রতিফলন নয়; বরং এটি কৃত্রিমভাবে তৈরি-সম্ভবত এআই বা ইমেজ এডিটিংয়ের মাধ্যমে। এখন পর্যন্ত ইতিহাস, সংবাদ আর্কাইভ বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দুই ব্যক্তিত্বের সাক্ষাতের কোনো তথ্য পাওয়া যায়নি। ছবিটিতে দৃশ্যমান কিছু অসামঞ্জস্যতাও এর ভুয়া হওয়ার ইঙ্গিত দেয়।
ছবিটি প্রথমে ‘@kranicles.55’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি রিল ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়। প্রকাশের মাত্র পাঁচ দিনের মধ্যেই ভিডিওটি ৪ লক্ষাধিক ভিউ অর্জন করে। পরবর্তীতে এটি অন্যান্য সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী ছবিটিকে সত্য বলে ধরে নেন।
তবে এই ঘটনার পক্ষে কোনো সংবাদ প্রতিবেদন, আর্কাইভ বা বিশ্বাসযোগ্য উৎস না থাকায় এবং ছবিটির উৎস হিসেবে শুধুমাত্র ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকেই পাওয়া যাওয়ায় এটি ভুয়া হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা।