
AI আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে দিন দিন। পড়াশোনা, প্রোগ্রামিং, ব্যবসা পরিচালনা থেকে শুরু করে চিকিৎসা—প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। তবে এই প্রযুক্তির পেছনে থাকা বিশাল ব্যয় এখন ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই বাস্তবতা সম্প্রতি টের পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান Uber। প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (CTO) জানান, AI ব্যবহারের পরিমাণ এতটাই বেড়েছিল যে মাত্র চার মাসের মধ্যেই কোম্পানির পুরো বছরের AI বাজেট শেষ হয়ে যায়।
এর পরিপ্রেক্ষিতে Uber কর্মীদের জন্য AI ব্যবহারে নতুন সীমা নির্ধারণ করেছে। এখন থেকে প্রতিটি কর্মী নির্দিষ্ট পরিমাণের বেশি AI কোডিং টুল ব্যবহার করতে পারবেন না, যদি না বিশেষ অনুমোদন নেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, AI নিঃসন্দেহে উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম। তবে এর বিপরীতে প্রয়োজন হয় বিপুল কম্পিউটিং শক্তি, উন্নত GPU এবং বিশাল অবকাঠামো, যার ব্যয় অনেক সময় প্রত্যাশার চেয়েও বেশি হয়ে দাঁড়ায়।
Uber-এর এই পদক্ষেপ প্রযুক্তি বিশ্বে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছ সেটা হলো,"AI কি সত্যিই তার ব্যয়ের তুলনায় যথেষ্ট লাভ এনে দিচ্ছে, নাকি প্রতিষ্ঠানগুলো এখনো সেই প্রত্যাশিত রিটার্নের (ROI) অপেক্ষায় রয়েছে?"